রাজশাহীর চারঘাট ও বাঘায় নদীভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ না হলে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
শনিবার (১ নভেম্বর) সকালে রাজশাহীর চারঘাট উপজেলা সদরে ওই এলাকায় নদীভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে সর্বস্তরের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
আবু সাঈদ চাঁদ বলেন, নদীভাঙন প্রতিরোধে চারঘাট-বাঘার মানুষের প্রাণের দাবি স্থায়ী বাঁধ নির্মাণ। মানুষের দাবি উপেক্ষা করা হলে জেলা পানি উন্নয়ন বোর্ডের অফিস ঘেরাও করা হবে।
তিনি আরও বলেন, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে পাউবোর কোন অফিসারকে অফিসে বসতে দেওয়া হবে না। মানুষ আজ তাদের প্রাণের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন। নিজের ভিটে-মাটি রক্ষায় মানুষকে ক্ষেপিয়ে তুলবেন না। দ্রুত সময়ের মধ্যে চারঘাট-বাঘায় নদীভাঙন রোধে বাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করবেন। তা-না হলে এলাকার জনগণ আপনাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপি নেতা মমিনুল হক মমিন, সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান, যুগ্ম-সম্পাদক আব্দুল সালেক আদিল, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

