মাদারগঞ্জে নৌকা ডুবি ট্র্যাজেডি: সবশেষ শিশুর মরদেহ ভেসে উঠলো নদীতে

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৩:২৯

জামালপুরের মাদারগঞ্জে নৌকা ডুবির ট্রাজিডির ৪ জনের মরদেহ উদ্ধার করার পর রোববার (২ নভেম্বর) সকালে উপজেলার হরিপুর এলাকার ঝিনাই নদীতে ভেসে ওঠে বৈশাখী (৯) নামে শিশুটির মরদেহ। বৈশাখী চরভাটিয়ারচর উত্তর পাড়ার আবুল হোসেনের মেয়ে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ জনে।

গত শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার ভাটিয়ারচর এলাকার আনার বাড়ি ঘাটে পাঁচ শিশু ডিঙি নৌকা নিয়ে ঘুরতে বের হয়। একপর্যায়ে নৌকাটি উল্টে নদীতে তলিয়ে যায় তারা। স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন।

শনিবার সকালে উদ্ধার হয় কুলসুমের মরদেহ, আর রবিবার সকালে পাওয়া যায় শেষ নিখোঁজ শিশু বৈশাখীর মরদেহ।

নিহতরা হলেন, সিঙ্গাপুর প্রবাসী দুদু মিয়ার ছেলে আবু হাসান (৮) ও মেয়ে মরিয়ম আক্তার পলি (১০), রায়েরছড়া গ্রামের আব্দুল আজাদের মেয়ে কুলসুম (৯), বাউসি এলাকার নুরু মিয়ার মেয়ে সাইমা আক্তার (৮) এবং চরভাটিয়ারচর উত্তর পাড়ার আবুল হোসেনের মেয়ে বৈশাখী (৯)।

মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার রফিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেল থেকে চলা এই অভিযান রবিবার সকালে নদীতে ভেসে ওঠা বৈশাখীর মরদেহ উদ্ধার করে পরিবারকে হস্তান্তর করা হয়েছে। পাঁচজন শিশুরই মরদেহ উদ্ধারের মাধ্যমে অভিযান শেষ হয়েছে।

একই পরিবারের ভাইবোনসহ পাঁচ শিশুর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তিনদিন ধরে পরিবারসহ পুরো গ্রামে চলছে শোকের মাতম।

ইত্তেফাক/এএইচপি