গ্রেপ্তার এড়াতে সিলেট হয়ে দেশে ৫৭ মামলার আসামি, তবুও শেষ রক্ষা হলো না

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৬:৩৩

দুবাই থেকে দেশে ফিরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার মোহাম্মদ রুহুল আমিন (৫৫) নামে এক পলাতক আসামি। তার বিরুদ্ধে রয়েছে চেক প্রতারণাসহ মোট ৫৭টি মামলা, যার মধ্যে ১০টিতে আদালত সাজা দিয়েছেন।

শনিবার (১ নভেম্বর) বিকেল চারটার দিকে বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে চট্টগ্রামের পটিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রুহুল আমিনের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল গ্রামে। তার বাবার নাম আবদুস সালাম। চট্টগ্রাম নগরের চাক্তাই ফিশারিঘাট এলাকায় মাছের আড়ত ব্যবসা ছিল তার।

পুলিশ জানায়, রুহুল আমিনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর অধিকাংশই চেক প্রতারণার অভিযোগে করা। এর মধ্যে ১০টি মামলায় তার সাজা হয়েছে। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি পাঁচ বছর আগে দুবাইয়ে পালিয়ে যান। তবে দীর্ঘ সময় পর সম্প্রতি গোপনে দেশে ফিরছিলেন। গ্রেপ্তার এড়াতে ঢাকার বদলে সিলেট বিমানবন্দর ব্যবহার করলেও শেষ পর্যন্ত রক্ষা পাননি তিনি।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, পটিয়া থানার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ইমিগ্রেশন পুলিশ তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার রুহুল আমিনকে গতকাল রাতেই সিলেট থেকে পটিয়ায় নিয়ে আসা হয়। এরপর আজ সকালে পটিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এএইচপি