বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা–জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের গনেশপুর (বড়িতলা) এলাকায় যানবাহন ও পথচারীদের সুরক্ষায় নির্মিত পুলিশ বক্সটি দুই দশক পর এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ২০২৪ সালের ৫ আগস্ট উচ্ছৃঙ্খল জনতা বক্সটির দরজা, গ্রিল ও সৌরবিদ্যুৎ প্যানেল ভেঙে ফেলার পর থেকে এটি অচল হয়ে পড়ে।
বর্তমানে স্থানীয় কিছু পথচারী বক্সটি টয়লেট ও গোসলখানা হিসেবে ব্যবহার করছেন, ফলে এটি পুলিশের ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে গেছে। বক্সটি পরিত্যক্ত হওয়ার সুযোগে গত কয়েক মাসে ঐ এলাকায় দফায় দফায় ডাকাতির ঘটনা ঘটেছে, বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা ইউনুস আলী বলেন, সড়কের দুই পাশে জনবসতি কম ও বিশাল ফসলের মাঠ থাকায় রাতে কেউ চলাচল করতে ভয় পায়। পুলিশ বক্সটি পরিত্যক্ত হয়ে যাওয়ায় ডাকাতদের দৌরাত্ম্য বেড়েছে। আগের মতো যদি পুলিশ এখানে নিয়মিত টহল দিতো, আমরা নিশ্চিন্তে চলাফেরা করতে পারতাম।
স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর বরাত দিয়ে জানা গেছে, প্রায় ছয় মাস আগে রাতে ঐ পুলিশ বক্সের সামনে দিয়ে যাওয়ার সময় এক ওষুধ কোম্পানির কর্মচারীর মোটরসাইকেল ছিনতাই করে ডাকাতরা। তাকে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে যায় তারা। এরপর গত ১৫ দিন আগে একই এলাকায় দুই দফা ডাকাতি এবং সর্বশেষ গত সপ্তাহে গাছ ফেলে একটি বাসে ডাকাতির চেষ্টা চালানো হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান শাহীন বলেন, ঐ পুলিশ বক্সটি পরিত্যক্ত থাকায় পুলিশের টহলে বিঘ্ন হচ্ছে। মহাসড়কে যাতে কোনো ধরনের চুরি-ছিনতাই ও ডাকাতির ঘটনা না ঘটে সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ বক্সটি এ মুহূর্তে সংস্কার এবং সোলার লাইটের ব্যবস্থা করা হলে সেখানে পুলিশের রাত্রীকালিন ডিউটি নিয়মিত করা সম্ভব হবে।
এবিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, ঐ স্থানে একাধিকবার ডাকাতির ঘটনা ঘটেছে। অকেজো পুলিশ বক্স ও সোলার প্যানেলটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
