মানবসেবা

মানুষের জন্য কাজ করতে চান রাবিয়া

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৯:৪০

গরিবের জন্য কিছু করতে চাই। গরিবের পাশে দাঁড়াতে চাই। আমি নিজে গরিব। সহায় সম্বলহীন। নদী ভাঙনে আমি নিঃস্ব হয়েছি। তারপরও আমার সাধারণ মানুষের জন্য কিছু করার ইচ্ছা— এমন কথাগুলো রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগমের।

উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান হাজিপাড়া গ্রামে বাড়ি। তাও নদী ভাঙনের শিকার হয়ে বর্তমানে বড়াইবাড়ি এলাকায় বাড়ি করেছেন। স্বামী মোশাররফ হোসেন এক সময় ছোটোখাটো ব্যবসা করত। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ৭ হাজার ৪৫ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে এর আগে নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে নির্বাচিত হতে পারেননি। খুব ছোটো থেকে স্বপ্নকে লালন করেন। দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে হবে। এই স্বপ্ন নিয়ে আজকের পথচলা। তাই তো একবার হেরে যাওয়ার পরও এবারে নির্বাচনে শত প্রতিবন্ধকতা সত্ত্বেও ভোট করেছেন। নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান  হয়েছেন। স্বপ্ন কিছুটা পূরণ হয়েছে। আরো অনেক স্বপ্ন রয়েছে অধরা। অনেক স্বপ্ন আর আশা নিয়ে পথচলা শুরু হলেও বাস্তবতার কাছে হেরে যাচ্ছেন। কিছুটা হতাশ। সম্প্রতি তার মুখোমুখি হলে তিনি তার কষ্টের কথা অকপটে বলতে থাকেন। জনগণের জন্য আপনি কি করতে চান। আপনার ভাবনা কি এমন প্রশ্নের জবাবে তিনি দুঃখ করে বলেন, অনেক আশা নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ভাইস চেয়ারম্যান হলাম। কিন্তু বাস্তবতা ভিন্ন। এসে দেখি এখানে কিছু নেই। জনগণের পাশে তো দাঁড়াতে চাই। সহযোগিতা করতে চাই। সে সুযোগ তো সরকার আমাদের দেয় নাই। আমি নিজে নদী ভাঙা মানুষ। কষ্টে করি জীবনযাপন। সেই জন্যেই তো সাধারণ মানুষের জন্য কিছু করতে মন চায়। এখানে কিছুই তো নেই দেওয়ার মতো। শুধু মিটিংছিটিং সভা সমাবেশ ছাড়া কিছু নেই।