ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক চাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১৪:০২

টাঙ্গাইল সদর উপজেলায় রোববার (২ নভেম্বর) দিভাগত রাত দুইটার দিকে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে ঘারিন্দা বাইপাস আন্ডারপাসের নিচে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।

নিহতরা হলেন- কালিহাতি উপজেলার আকুয়া এলাকার ৪৫ বছর বয়সী সাহেব আলী ও ভুক্তা এলাকার ৫৮ বছর বয়সী অটোরিকশার চালক আব্দুল আলীম।

স্থানীয়দের বরাতে ওসি শরীফ হোসেন বলেন, ঘারিন্দা আন্ডারপাস পার হওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাক অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

নিহতের লাশ তাদের পরিবারের লোকজন নিয়ে গেছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, ট্রাকটি সনাক্তের চেষ্টা এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/এএইচপি