মুন্সীগঞ্জে নিখোঁজের তিনদিন পর সদর উপজেলার পূর্ব রতনপুর এলাকার একটি খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় মোহাম্মদ মজিবল (৪৫) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ মজিবল মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের শান্তিনগর এলাকার বাধন সরকারের গ্যারেজে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলার চর কুশারিয়া এলাকায়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে মজিবল লৌহজংয়ের মাওয়া যাওয়ার উদ্দেশ্যে গ্যারেজ থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর তার ছেলে রাসেল মিয়া রবিবার মুন্সীগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পূর্ব রতনপুর এলাকার খালে হাত-পা বাঁধা অবস্থায় ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে একজন পরিশ্রমী অটোচালককে হত্যা করে খালে ফেলে দেওয়া অত্যন্ত নৃশংস কাজ। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনাটি তদন্ত করে হত্যার কারণ ও জড়িতদের শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
