নিজের বলার মতো একটি গল্প সংগঠনটি দেশজুড়ে তৈরি করেছে এবং করছে হাজারো উদ্যোক্তা। সারাদেশের প্রতিটি জেলায় তার এই অনলাইন প্রজেক্টের তরুণ-তরুণীরা দেখাচ্ছে বিশাল সফলতা। সম্প্রতি তরুণদের উদ্যোক্তা বিষয়ে ৬টা ব্যাচে ৯০ দিন করে অনলাইনে বিনামূল্যে প্রশিক্ষণার্থীর সংখ্যা ১ লক্ষ পার করে অনন্য দৃষ্টান্ত তৈরি করলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা তৈরির কারিগর ইকবাল বাহার। তিনি একাধারে একজন উদ্যোক্তা, শিক্ষক, মেন্টর, ইন্সপিরেশনাল স্পিকার, নিউজ প্রেজেন্টার ও বিজনেস প্রোগ্রাম অ্যাংকর। মাল্টিন্যাশনাল কোম্পানির লোভনীয় চাকরি থেকে ইস্তফা দিয়ে ‘চাকরি করব না, চাকরি দেব’ এই দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন নিজের কোম্পানিতে। তাঁর এই উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা এত সহজ ছিল না। ছিল বাধা, অনিশ্চয়তা ও হেরে যাওয়ার আশঙ্কা। কিন্তু তিনি ছিলেন দৃঢ়চেতা ও স্বপ্নবাজ মানুষ। আজ তিনি অপ্টিমেক্স কমিউনিকেশন লিমিটেড, আলাদীন ডট কম ও ইউ টিভি লাইভ নামক ৩টি কোম্পানির উদ্যোক্তা ও ম্যানেজিং ডিরেক্টর। সৃষ্টি করেছেন ২০০ মেধাবী তরুণের কর্মসংস্থান।
ইকবাল বাহার বলেন, ‘নিজে স্বপ্ন দেখি ও তরুণদের স্বপ্ন দেখাই—এটা আমার সামাজিক দায়বদ্ধতা, যা আমি কোনো প্রকার পারিশ্রমিক ছাড়া করি। এই স্বপ্নই আজ দেশ-বিদেশের তরুণ-তরুণীদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি একটি অনলাইন কর্মশালার মাধ্যমে। গত ৫৬৫ দিন ধরে ৭টি ব্যাচের মাধ্যমে চলেছে আমাদের এই অনলাইন কর্মশালাটি। একদিনের জন্যও আমাদের এই কর্মশালা বন্ধ ছিল না। এত লম্বা এবং টানা ৯০ দিনের কোনো কর্মশালা পৃথিবীতে কেউ কোনো দিন করেনি। গিনেস বুক কর্তৃপক্ষের কাছে আবেদন করার মতো একটি ব্যাপার।’ তিনি আরো বলেন, ‘আমরা শুধু স্বপ্ন দেখাইনি, কিভাবে স্বপ্নকে বাস্তবায়ন করতে হয়, তা তরুণদের শিখিয়েছি টানা ৯০ দিন ধরে।’ সম্পূর্ণ ফ্রি এই অনলাইন কর্মশালার অর্জনগুলো হলো—৬টি ব্যাচে শেষ টানা ৯০ দিনের কর্মশালা সম্পন্ন, দেশের ৬৪ জেলার ১৫০ হাজার তরুণদের নেটওয়ার্ক তৈরি, বিশ্বের ৫০টিরও বেশি দেশের প্রবাসী বাংলাদেশিদের যুক্ত করেছে এই প্লাটফর্ম, ৯০ জন সফল ও গুণীজনেরা অনলাইনে এই কর্মশালা করেছেন। তাঁর প্রতিষ্ঠানের উদ্যোগে ৯০০ উদ্যোক্তা তৈরি হয়েছে, দেশের ৬৪ জেলায় সবাই মিলে প্রায় ১০ হাজার গাছ, ১০ হাজার ব্যাগ রক্ত ও ১০ হাজার অসহায় শিশু ও বৃদ্ধকে ১ বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় বন্যা কবলিত ১০টি পরিবারের মধ্যে তাঁদের ভেঙে যাওয়া ঘরের জন্য টিন বিতরণ ও প্রায় ১৫০০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়েছে। ‘নিজের বলার মতো একটি গল্প’ নামক গ্রুপের মাধ্যমে একটা অনলাইন বাজার তৈরি করেছে, যেখানে প্রতিদিন গড়ে ৫০টিরও বেশি অর্ডার হয়, এই প্লাটফর্মের সদস্যরাই ক্রেতা-বিক্রেতা। ইকবাল বাহার আরো বলেন, ‘এই ৫৬৫ দিনে আমরা ১৫০ হাজার পজিটিভ ও ভালো মানুষ হওয়ারর চর্চা করতে পেরেছি। এটাই আমাদের প্রাপ্তি। দেশের ৬৪ জেলায় আমাদের আছে ১ হাজার ভলান্টিয়ার। যাঁদের সহযোগিতায় পুরো প্রকল্পটি করা হচ্ছে ‘বিনা ফি’তে, কারণ এটা আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ।’
