কুড়িয়ে পাওয়া গুলি দিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, আহত শিশু

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১৮:৫৬

বগুড়া জেলার কাহালুতে কুড়িয়ে পাওয়া একটি গুলি দিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জিহাদ (৬) নামে এক শিশু আহত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার জামগ্রাম ইউনিয়নের আচলিহার গ্রামে এ ঘটনা ঘটে। আহত জিহাদ ওই গ্রামের মুদি দোকানি ইদ্রিস আলীর ছেলে।

জিহাদ বর্তমানে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে একটি গুলি কুড়িয়ে পায় জিহাদ। দুপুরের দিকে সে গুলিটি চুলার আগুনে দেয়। এক পর্যায়ে এটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। গুলিতে থাকা বারুদ ছিটকে শিশুর বুকে সামনে পড়ে। এতে ওই শিশুটি আহত হয় এবং বুকের কিছু অংশে রক্তপাত শুরু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করান।

কাহালু থানার ওসি নিতাই চন্দ্র সরকারের বলেন, বিস্ফোরণে শিশু আহতের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তিনি থানায় ফিরলে বিস্তারিত জানানো সম্ভব হবে।

ঘটনাস্থল থেকে বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন এসআই সুজন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে গুলির খোসাটি উদ্ধার করা হয়েছে। তবে সেটি কি ধরনের খোসা ছিল। তা নিশ্চিত হওয়া যায়নি। থানায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলে বোঝা যাবে এটি কি ধরণের অস্ত্রের গুলি। তবে গ্রামের লোকজন বলছেন, বিস্ফোরিত গুলিটি রাইফেলের হতে পারে।

ইত্তেফাক/এপি