সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ ড. মো. গোলাম মর্তুজা মজুমদার বলেছেন, গরিব-হতদরিদ্র মানুষের অধিকার সংরক্ষণ করতেই সরকার লিগ্যাল এইড কার্যক্রম চালু করেছে। অসহায় লোকজন বিনা পয়সায় আইনি সহায়তা এবং মামলা পরিচালনার সুযোগ পাচ্ছেন। সারাদেশে এই প্রকল্পের মাধ্যমে বিপুল জনগোষ্ঠী উপকৃত হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে ‘উন্নয়নের অগ্রাযাত্রায় আইনি সেবার সাফল্য-প্রচার ও প্রসারে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে সিলেট জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ ড. মো. গোলাম মর্তুজা মজুমদার আরও বলেন, সরকার চাচ্ছে সবাই যেন উন্নয়নের মধ্যে থাকে, কেউ যেন উন্নয়নের বাইরে না থাকে।
সিলেট জেলা যুগ্ম জজ তাছলিমা শারমিনের সঞ্চালনায় কর্মশালার আলোচ্য বিষয়ে বিস্তারিত জানান সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত লিগ্যাল এইড অফিসার কাকন দে। বক্তব্য রাখেন সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আহমদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, জেলার অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এনামুল হক জুবের, সিনিয়র সাংবাদিক জেড এম শামসুল, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট জেলা প্রতিনিধি শুয়াইবুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, যারা আইনি সেবার জন্য আবেদন করেন তাদের জন্য আইনজীবী নিয়োগ, মামলা দায়েরসহ মামলা পরিচালনায় লিগ্যাল এইড সহযোগিতা করে থাকে। মামলাগুলো দ্রুত নিষ্পত্তিরও চেষ্টা করা হয়। এছাড়া, প্রি-কেইস মেডিয়েশনের মাধ্যমে মামলা না করেও সংক্ষুব্ধ ব্যক্তির ক্ষতিপূরণ তথা ন্যায় বিচার নিশ্চিত করা হয়।
