বাচ্চার জন্য দুধ কিনতে বলায় স্ত্রীর গায়ে আগুন

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২০:৪২

মাদারীপুরের শিবচরে বাচ্চার জন্য দুধ কিনতে বলায় স্ত্রীর শরীরে আগুন দেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার রাতে শিবচর উপজেলার বাঁশকান্দিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিবচর থানায় ওই গৃহবধূর স্বামীসহ তিনজনকে আসামি করে একটি মামলা হয়েছে। 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকায় তিন মাসের কন্যা সন্তান নিয়ে একটি বাসায় ভাড়া থাকতো নাসির ফকির ও খাদিজা আক্তার। কারণে অকারণে নাসির খাদিজাকে মারধর করতো। নিজে কোনও কাজ করতো না। এমনকি শিশু সন্তানের ভরণপোষণও ঠিকমতো করতে পারতো না। অভাব-অনটনসহ নানা বিষয়ে প্রায়ই তাদের মধ্যে কলহ লেগে থাকতো। 

এ সব পারিবারিক কারণে সোমবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাত ১০টার দিকে পাষণ্ড স্বামী নাসির ফকির তার স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। খাদিজার চিতকারে প্রতিবেশিরা এগিয়ে আসার আগেই নাসির পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা খাদিজা আক্তারকে রাতেই শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।  

আরও পড়ুন : আমাদের আদেশের পর সিটি করপোরেশনের ঘুম ভেঙেছে : হাইকোর্ট

আহত খাদিজা আক্তার বলেন, আমার স্বামী কোনও কাজ করে না। অভাবের সংসারে প্রায়ই আমাকে মারধর করতো। অভাব-অনটন নিয়ে কলহ লেগেই থাকতো। রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার স্বামী নাসির ফকির আমার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক মোকাদ্দেস আলী শাহীন বলেন, সোমবার রাতে খাদিজা আক্তার নামে একজন পোড়া রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত খাদিজা আক্তারের বুকের ডান পাশসহ নীচের অংশ এবং পেটের বাম দিকে বিভিন্ন স্থানে পুড়ে গেছে।

শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, ‘স্বামী কর্তৃক স্ত্রীকে আগুনে ঝলসে দেওয়ার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। তবে ওই গৃহবধূর বাবা বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা করেছেন। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি।

ইত্তেফাক/কেআই