সেঞ্চুরির পর খ্যাপাটে উদযাপন মুশফিকের

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১৩:০১

তৃতীয় দিন শেষে সেঞ্চুরির আভাস পাচ্ছিলেন সিলেট বিভাগের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ৯৩ রানে অপরাজিত ছিলেন তিনি। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে খেলতে নেমেই তিন অঙ্কের দেখা পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

সেঞ্চুরির পর খ্যাপাটে উদযাপনে আলাদা করে নজর কেড়েছেন মুশফিক। ঢাকা বিভাগের বোলার এনামুল হকের বলে বাউন্ডারি হাঁকিয়েই মুষ্টিবদ্ধ হাত দেখিয়ে হুঙ্কার ছুঁড়েন। আগুনে দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েও থাকলেন বোলাদের দিকে। মুশফিকের এমন উদযাপন আগেও দেখা গেছে। 

সব ঠিক থাকলে ঘরের মাঠে আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে শততম টেস্টের মাইলফলক স্পর্শ করবেন মুশফিক। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। জাতীয় দলের হয়ে মাঠে নামার আগে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বেশ দারুণভাবে প্রস্তুতি সারছেন মুশফিক।

২০৫ বলে ১১৫ রান করে সাজঘরে ফিরে যান মুশফিক। ৮ চারের সঙ্গে দুটি ছক্কা হাঁকান তিনি। মুশফিকের বিদায়ে ২৯০ রানে শেষ হয় সিলেটের ইনিংস। এতে ২০ রানের লিড পেয়েছে ঢাকা বিভাগ।

ইত্তেফাক/জেডএইচ