বাংলাদেশে তৈরি জার্সি পরে ইতিহাস গড়লো কেপ ভার্দে

আপডেট : ১৬ জুন ২০২৬, ১০:৫৭

ফুটবল বিশ্বকাপে স্পেনের মতো শক্তিশালী দলকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কেপ ভার্দে। তবে মাঠের এই চমকের আড়ালে রয়েছে বাংলাদেশের একটি নীরব সাফল্যের গল্পও। সেটা আর কিছুই নয়, বাংলাদেশের তৈরি জার্সি।

সোমবার (১৫ জুন) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ইতিহাস গড়ে আফ্রিকার ছোট্ট দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে। শিরোপার অন্যতম দাবিদার স্পেনের বিপক্ষে ড্র করে তারা ফুটবলপ্রেমীদের বিস্মিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেপ ভার্দে জাতীয় দলের জার্সির কাপড় সরবরাহ করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান ইয়ঙ্গান কর্পোরেশন। আর জার্সিগুলোর উৎপাদন হয়েছে ঢাকায় অবস্থিত স্পোর্টসওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাপেলি স্পোর্টের কারখানায়।

বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসরে বাংলাদেশের উপস্থিতি সাধারণত মাঠে দেখা যায় না। তবে পোশাক ও ক্রীড়া সামগ্রী উৎপাদনের মাধ্যমে দেশটি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত। 

কেপ ভার্দের এই আলোচিত ম্যাচ সেই অবদানকেই নতুন করে সামনে নিয়ে এসেছে।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্ববাজারে আগেই শক্ত অবস্থান তৈরি করেছে। 

সাম্প্রতিক বছরগুলোতে স্পোর্টসওয়্যার উৎপাদনেও দেশের সক্ষমতা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। আন্তর্জাতিক বিভিন্ন ক্লাব ও জাতীয় দলের জার্সি উৎপাদনের সঙ্গে যুক্ত হচ্ছে স্থানীয় প্রতিষ্ঠানগুলো।

ফুটবলের মাঠে স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দে যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি তাদের জার্সি তৈরির মাধ্যমে বাংলাদেশের উৎপাদনশিল্পও পেয়েছে আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক পরিচিতি। 

ম্যাচের স্কোরলাইন হয়তো সময়ের সঙ্গে বদলে যাবে, কিন্তু বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের এই নীরব উপস্থিতি দেশের শিল্পখাতের সক্ষমতার আরেকটি উদাহরণ হয়ে থাকবে।

ইত্তেফাক/ পিএস