ইত্তেফাক রিপোর্ট
নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন, টেক্সটাইল খাত, দক্ষতা উন্নয়ন, রাজধানীর পানি ব্যবস্থাপনা ও সুন্দরবনের ম্যানগ্রোভ উন্নয়ন—এই ছয় খাতে বাংলাদেশকে ২০ কোটি ইউরো (১৯৩৮ কোটি টাকা) দেবে জার্মানি। এর মধ্যে স্বল্প সুদে ঋণ দেওয়া হবে ১৭ কোটি ২ লাখ ইউরো এবং বাকি ২ কোটি ৮০ লাখ ইউরো দেওয়া হবে অনুদান আকারে। গতকাল মঙ্গলবার শেরেবাংলা নগরে ইআরডি সম্মেলনকক্ষে এ-সংক্রান্ত একটি দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ ও বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত এইচ ই পিটার ফাহরেনহোল্টজ নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। এসময় জানানো হয়, ২০ কোটি ইউরোর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি সক্ষমতায় দেওয়া হবে ১৫ কোটি ৬০ লাখ ইউরো। এছাড়া শহর অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিযোজন প্রকল্পে ২ কোটি ৬০ লাখ ইউরো, টেক্সটাইল খাতে ৭৫ লাখ ইউরো, রাজধানী ঢাকার পানি ব্যবস্থাপনায় ৪৫ লাখ ইউরো, সুন্দরবনের ম্যানগ্রোভ ব্যবস্থাপনা পরিকল্পনায় ৪০ লাখ ইউরো এবং পাঠ ও গবেষণা খাতে দেওয়া হবে ২০ লাখ ইউরো। চুক্তি সই অনুষ্ঠানে ইআরডি এবং বাংলাদেশে জার্মান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জার্মানির রাষ্ট্রদূত বলেন, ‘ছয়টি খাতই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পোশাক খাতে আমাদের অনেক বিনিয়োগ রয়েছে। এই খাতকে এগিয়ে নিতে হবে। বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবনকেও রক্ষা করতে হবে। বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি রক্ষার্থে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই। সেইসঙ্গে জ্ঞান অর্জন ও দক্ষতা বাড়াতে বাংলাদেশকে সব সময় সহায়তা দিয়ে আসছে জার্মান সরকার।’
