দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কার স্পিন সহায়ক উইকেটে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ পিটার ফুলটনের পাশে ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন থিলান সামারাবীরা। ৪২ বছর বয়সি সাবেক এই লঙ্কান টেস্ট ব্যাটসম্যান এর আগে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ২০১৬ সালে শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া দলের পরামর্শক হিসেবেও নিয়োগ কাজ করেছেন। ব্যাটিং কোচ হিসেবে শ্রীলঙ্কা সফরটি ফুলটনের প্রথম অ্যাসাইনমেন্ট। সম্প্রতি তিনি ক্রেইগ ম্যাকমিলানের স্থলাভিষিক্ত হয়েছেন। নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘এই সফরে টেস্ট দলে থিলানকে পেয়ে আমরা দারুণ খুশি। শ্রীলঙ্কার কন্ডিশনে তার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। ফুলটনের প্রথম সফরের বিষয়টি গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে কোচিং বিভাগে অতিরিক্ত সহযোগিতা আমাদের দারুণভাবে কাজে লেগেছে। এবার থিলানকে পেয়ে আমরা সেই সহযোগিতাই আশা করছি।’
