বিশ্বসেরার মুখোমুখি খুদে ক্রিকেটাররা

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:০৫

 স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান চট্টগ্রামে আসছেন, এমন খবর বাতাসে উড়ছিল গত কয়েকদিন ধরেই। অবশেষে জেলা ক্রীড়া সংস্থার দেওয়া সংবর্ধনায় যোগ দিতে গতকাল বন্দরনগরীতে আসেন এ তারকা ক্রিকেটার। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে সাকিবকে একনজর দেখার জন্য শিশু-কিশোরদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। দুপুর গড়িয়ে বিকাল হতে না হতেই গ্যালারি মুখরিত হয়ে ওঠে হাজারো কঁচিকাচার কলকাকলীতে। শিশুদের কানফাটা চিত্কার ও উল্লাসধ্বনির মধ্য দিয়েই বিকাল পাঁচটার কিছুটা আগে সাকিব মাঠে প্রবেশ করেন। তবে বাছাই করা কয়েকজন ছাড়া অধিকাংশ শিশুকেই মাঠের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাদেরকে গ্যালারিতে বসানো হয়। সাকিবকে আরেকটু কাছ থেকে দেখতে না পেয়ে তারা মনমরা হয়ে গ্যালারিতেই বসে থাকে।  

সংবর্ধনা অনুষ্ঠানের সবচেয়ে উপভোগ্য পর্ব ছিল প্রশ্নোত্তর পর্ব। এ পর্যায়ে খুদে ক্রিকেটারদের নানা প্রশ্নের উত্তর দেন বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্যে জ্বলে ওঠা এ অলরাউন্ডার। তাকে প্রশ্ন করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে স্থানীয় বিভিন্ন ক্রিকেট একাডেমির খুদে সদস্যরা। একের পর এক প্রশ্নবাণে সাকিবকে ব্যতিব্যস্ত করে তোলে খুদের দল। তাদের সব প্রশ্নের মূলকথা একটাই, কিভাবে আরো ভালো ক্রিকেটার হওয়া যায়। সাকিব অত্যন্ত ধৈর্য সহকারে ভবিষ্যতের ক্রিকেটারদের জিজ্ঞাসার জবাব দেন।

বিশ্বকাপে কি করে এতটা সফল হলেন সাকিব, তা জানতে চায় খুদে ক্রিকেটার তামিম। সাকিব বলেন, সত্যি কথা বলতে কি বিশ্বকাপ শুরুর আগে আমার প্রস্তুতিটা খুবই ভালো ছিল। তিন-চার মাস আগে থেকে আমি প্রস্তুতি শুরু করি। যেসব জায়গাগুলোতে মনে হয়েছিল চ্যালেঞ্জ আসতে পারে সেসব জায়গাগুলোতে আমি কাজ করেছি। আমার পরিশ্রম কাজে লেগেছে। সেইসঙ্গে আপনাদের দোয়া ছিল। পুরো বাংলাদেশের মানুষ আমাকে সমর্থন করেছে। এটা আমাকে বিশ্বকাপে ভালো খেলতে অনুপ্রাণিত করেছে।

রাসেলের প্রশ্ন ছিল, খুদে ক্রিকেটারদের দৈনন্দিন রুটিন কেমন হওয়া উচিত। সাকিব বলেন, রুটিনটা এমনভাবে সাজানো উচিত যা তোমাদেরকে আরো ভালো ক্রিকেটার হতে সাহায্য করবে। সবাইকে শৃঙ্খলাপরায়ন হতে হবে, ভালো খাবারের পাশাপাশি বিশ্রাম নিতে হবে। ভালো ক্রিকেটার হতে হলে পড়াশোনাটাও খুব জরুরি। কারণ ক্রিকেট হচ্ছে মেধার খেলা। ইশরাক জানতে চায় অনেকসময় কঠোর পরিশ্রম করেও ম্যাচে আশানুরুপ ফল আসে না। তখন মনের জোর কিভাবে ধরে রাখব। সাকিব বলেন, প্রস্তুতি ভালো থাকতে হবে। বইয়ের সবকিছু পড়া থাকলে পরীক্ষা দিতে গিয়ে যেমন কোনো ভীতি কাজ করে না ঠিক তেমনি ভালোমতো প্রস্তুতি নিয়েই খেলতে নামতে হয়। তখন আর কোনো টেনশন কাজ করে না। সবচেয়ে বড়ো কথা খেলাটাকে উপভোগ করতে হয়।