রাউজানে মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২১:৪১

 ‘আমজনতার সাথে, সমৃদ্ধির পথে’—শীর্ষক ব্যতিক্রমধর্মী মাদকবিরোধী কনসার্টের আয়োজন করেছে ব্রাদার্স এসোসিয়েশন নামে রাউজানের একটি শিক্ষা ও সেবামূলক সামাজিক সংগঠন।

গত মঙ্গলবার বিকালে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ আয়োজন করা হয়। কনসার্টে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৮০ জন শিক্ষার্থীকে ‘আজিজুর রহমান মেধাবৃত্তি’ প্রদান করা হয়। এছাড়াও সমাজ উন্নয়নে অবদান রাখায় রাউজান প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনকে ব্রাদার্স এওয়ার্ড সম্মাননা প্রদান করা হয়।

সমাবেশে মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, কৃষক, জেলে, খামারি, দিনমজুর, শিক্ষক, শ্রমিক, চিকিত্সক, ব্যবসায়ী, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটির স্পিকার ছিলেন রাউজানের ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠক ফারাজ করিম চৌধুরী। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে তিনি বিভিন্ন স্তরের প্রতিনিধির প্রশ্নের উত্তর দেন। প্রশ্নোত্তর পর্বের পর শুরু হয় সম্মাননা প্রদান, বৃত্তি প্রদান-এর মাধ্যমে। এতে কৃষক, শ্রমিক, দিনমজুরসহ বিভিন্ন পেশা-শ্রেণিতে অবদান রাখা সমাজ পরিবর্তনে নিবেদিতদের ‘ব্রাদার্স এওয়ার্ড’ প্রদান করা হয়।

উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ড থেকে আগত ৪০টি শ্রেণি-পেশার সংগঠন এবং একশটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে এসব সম্মাননা তুলে দেন ফারাজ করিম চৌধুরী। ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের তত্ত্বাবধানে অনুষ্ঠানে বক্তব্য দেন সুমন দে, শাহাজান ইকবাল, দিপলু দে দিপু, শাহাদাত হোসেন রিফাত, শোয়েব ইমরান, জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু প্রমুখ।