সম্মাননা দেবে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
নুয়ান কুলাসেকারাকে সম্মাননা দিচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আজ বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে উপস্থিত থাকবেন এ পেসার। সেখানেই তাকে সংবর্ধনা দেবে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এক বিবৃতিতে এসএলসির সভাপতি শাম্মি সিলভা বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেটের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কুলাসেকারা। জাতীয় দলের হয়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন তিনি। তার নৈপুণ্যে দল অনেক সাফল্য পেয়েছে। তার সামনের দিনগুলোর জন্য শুভ কামনা জানাই। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডেটি তাকে উত্সর্গ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’
কুলাসেকেরাকে উত্সর্গ করার জন্য তৃতীয় ওয়ানডেতে তাকে আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ম্যাচটিতে এক অনুষ্ঠানের আয়োজন করে সংবর্ধনাও দেওয়া হবে এ সাবেক পেসারকে।
বাংলাদেশ-শ্রীলঙ্কার সিরিজ শুরুর দুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ৩৭ বছর বয়সি কুলাসেকারা। ২০০৩ সালে ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন তিনি। এর পর ২০০৫ সালে টেস্ট ক্যাপ পরেন কুলাসেকারা। ২০০৮ সালে দেশের হয়ে টি-২০ ফরম্যাটে অভিষেক হয় তার। তাই ১৬ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ২১ টেস্টে ৪৮টি, ১৮৪ ওয়ানডেতে ১৯৯টি ও ৫৮টি টি-২০ ম্যাচে ৬৬টি উইকেট শিকার করেন কুলাসেকারা।
২০১৪ সালে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন কুলাসেকারা। এছাড়া ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ফাইনালে তুলতে প্রধান বড়ো অবদান রাখেন তিনি। ফাইনালে কুলাসেকারার বলে ছক্কা মেরে ভারতকে শিরোপার স্বাদ দিয়েছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
২০০৯ সালে আইসিসির বোলারদের র্যাংকিংয়ে ছয় মাস শীর্ষ বোলারদের মধ্যে ছিলেন কুলাসেকারা। দেশের হয়ে সর্বশেষ ২০১৭ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। এর পর আর কোনো ফরম্যাটে খেলার সুযোগ পাননি কুলাসেকারা। বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচ খেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় দেন আরেক ডান-হাতি পেসার লাসিথ মালিঙ্গা।
মালিঙ্গা কেবল দেশের ক্রিকেটই নয়, দেশের মাটিও ছাড়ছেন। অবসরের পর তিনি পুরো পরিবার নিয়ে স্থায়ীভাবে চলে যাবেন অস্ট্রেলিয়ায়। মালিঙ্গা ইতিমধ্যেই স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাসের আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন। শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ায় গিয়ে তিনি কোচিংয়েও নিজেকে জড়াবেন।
তৃতীয় ওয়ানডেটা শ্রীলঙ্কার হয়ে কোচ চণ্ডিকা হাতুরুসিংহেরও সম্ভবত শেষ ম্যাচ হতে যাচ্ছে। এসএলসির এক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সংস্থাটির সাধারণ সম্পাদক মোহন ডি সিলভা এক লিখিত নোটিশ পাঠিয়েছেন হাতুরুসিংহকে। সেখানে সাফ বলা আছে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই তাকে পদত্যাগ করতে হবে।
৫১ বছর বয়সী হাতুরু গেল ২০১৭ সালের ডিসেম্বরে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব ছাড়ার পর যোগ দিয়েছিলেন শ্রীলঙ্কান শিবিরে। আশা ছিল বাজে পারফরম্যান্সের মধ্য দিয়ে যাওয়া শ্রীলঙ্কার ক্রিকেট তার ওপর ভর করে আবারও মাথা তুলে দাঁড়াবে।
কিন্তু হয়েছে তার উলটোটা। লঙ্কান দলের পারফরম্যান্স আরো নিম্নমুখী হয়েছে। ওয়ানডে র্যাংকিংয়ে নামতে নামতে তাদের অবস্থান এখন অষ্টম। আর এই ব্যর্থতার শেষটা হয়েছে বিশ্বকাপ দিয়ে। ৯ ম্যাচে তিন জয় আর চার হার নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে থেকে শেষ করে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড়ো আসর। —বাসস/দ্য আইল্যান্ড
