স্পোর্টস ডেস্ক
হোসে মরিনহো গেলো ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পদচ্যুত হওয়ার পর কোচিং থেকে কিছুটা দূরেই অবস্থান করছেন। তাই বলে ফুটবল বিবর্জিত নন তিনি। বেইন স্পোর্টসের ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করে যাচ্ছেন মরিনহো। তারপরও স্কাই স্পোর্টসকে পর্তুগিজ এই কোচ জানিয়েছেন এরকম অবসর জীবনে বীতশ্রদ্ধ হয়ে উঠছেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের চাকরি হারানর পর অবশ্য বেশ কিছু প্রস্তাব পেয়েছিলেন তিনি। গুঞ্জন আছে ইতালি ও ফ্রান্সের বেশ কিছু দল তাকে কোচ হবার প্রস্তাব দিয়েছিল। এই তালিকায় সম্প্রতি যোগ হয়েছে চীনা দল গুয়াংজু এভারগ্রান্দেও। ইউরোপীয় গণমাধ্যমে গুঞ্জন, গুয়াংজু বড়ো অংকের বেতনে কোচের চাকরির প্রস্তাব দিয়েছিল তার সামনে। তবে যথাযথ প্রস্তাবের অপেক্ষায় থাকা মরিনহো এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন বলেও জানা যায়।
সাবেক চেলসি, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ কোচ বর্তমানে তার শহর পর্তুগালের সেতুবালে অবস্থান করছেন। স্কাই স্পোর্টসকে মরিনহো বলেন, ‘প্রায় বিশ বছর পর জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুতে আমি সেতুবালে অবস্থান করছি। চিন্তা করার জন্য, পুনরায় চিন্তা করার জন্য আমার হাতে পর্যাপ্ত সময় আছে।’
মরিনহো জানান অবসর জীবনে হাঁপিয়ে উঠেছেন তিনি, সময়টা মোটেও ভালো কাটছে না তার। পোর্তো ও ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই কোচ বলেন, ‘আমার বন্ধুরা আমাকে সময়টাকে উপভোগ করতে বলে। তারা বলে, জুলাইটাকে উপভোগ কর, আগস্ট মাসটাকে উপভোগ কর। তোমার কাছে যাই আছে উপভোগ কর। সত্যি কথা বলতে, আমি উপভোগ করতে পারছি না। উপভোগ করার মতো পর্যাপ্ত সুখী নই আমি।’
ফুটবলের শূন্যতা অনুভব করছেন মরিনহো। তিনি বলেন, ‘আমি আমার ফুটবলটার শূন্যতা অনুভব করছি। আমার ভেতরে সেই আগুনটা এখনও আছে। নিজের সঙ্গে, আমাকে যারা ভালোবাসে তাদের সঙ্গে, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমার ভক্তরা যারা আমাকে অনুপ্রাণিত করে চলেছে তাদের সঙ্গে সমঝোতায় আসতে হচ্ছে আমাকে।’ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই কোচ আরো বলেন, ‘জে’কে (মরিনহোর ডাকনাম) জে হয়েই থাকতে হবে এবং শেষ পর্যন্ত তাই থাকতে হবে। কিন্তু আমি শেষ দিনটা দেখছি না কেননা আমার পরের পদক্ষেপটা হবে শুরুর মতোই! আমার ভবিষ্যত্টা শুরু হবে এর মাধ্যমেই, আমি বলছি। আমার আশেপাশে যা আছে তা থেকে কিছুটা উদ্ভট হবে সেটা। কিন্তু মূল কথাটা হচ্ছে আমি আমার অবসর সময়টাকে উপভোগ করতে পারছি না।’
