জনসংযোগে হামলা

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থীসহ গুলিবিদ্ধ ২

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ২২:০৮

জনসংযোগ চলাকালে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন তিনি।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বায়েজিদ থানার চালিতাতলী খন্দকার পাড়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।  এসময় গুলিতে আরও কয়েকজন আহত হয়েছেন। পরে এরাশাদ উল্লাহকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকালে নগরীর চালিতাতলী এলাকায় গণসংযোগে যান এরশাদউল্লাহ। সেখানে খন্দকার পাড়া মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হয়ে লিফলেট বিতরণ শুরু করেন। এসময় ৬/৭ জন যুবক পেছন থেকে তাদেরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এতে এরশাদ উল্লাহসহ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় এরশাদ উল্লাহকে একটি হাসপাতালে নেওয়া হয়। রাতে বিএনপির শত শত নেতাকর্মী এরশাদ উল্লাহকে দেখতে হাসপাতালে জড়ো হয়ে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে স্লোগান দেন। 

এদিকে এ ঘটনায় মাথা ও বুকে গুলি লেগে নিহত হন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সারোয়ার বাবলা। এছাড়া পাঁচলাইশ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শান্ত গুলিবিদ্ধ হয়েছেন। তাৎক্ষণিক তাকে নগরের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে উপ-কমিশনার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

চট্টগ্রাম মহানগর বিএনপির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত মো. ইদ্রিস আলী ইত্তেফাককে বলেন, মূলত সারোয়ার বাবলাকে লক্ষ্য করেই হামলা হয়েছে। তাকে হত্যা করার জন্য কয়েকজন অস্ত্রধারী সেখানে আগে থেকে ওৎ পেতে ছিল। এরশাদ উল্লাহ ভাই মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে লিফলেট বিতরণ শুরু করলে সারোয়ার বাবলাসহ অন্যান্যরা তার সঙ্গে হাঁটতে থাকেন। এ সময় পেছন দিক থেকে বাবলাকে লক্ষ্য করে গুলি করা হয়।  

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। বিএনপির প্রার্থী গণসংযোগ করার সময় সেখানে শত শত লোক অংশ নেন। সরোয়ার সেখানে অংশ নিলে সন্ত্রাসী দুটি দলের মধ্যে পূর্ব বিরোধের জেরে তাকে গুলি করা হয়।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির মিডিয়া সেলের এক পোস্টে এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই পোস্টে বলা হয়েছে, ‘চট্টগ্রামের হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং পায়ে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।’

ইত্তেফাক/এপি