মানবাধিকার রক্ষায় সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে: আমিনুল

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ২১:৩৭

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ‘বাংলাদেশ মানবাধিকার কমিশন জনগণের অধিকার রক্ষা ও সমাজে ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানবাধিকার রক্ষায় আমাদের সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।’

রোববার (২ নভেম্বর) রাজধানীর মিরপুরের গ্র্যান্ড প্রিন্স হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত মানবাধিকার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ শওকত আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল গোলাম কিবরিয়া মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের নির্বাহী সভাপতি ইঞ্জিনিয়ার হাসান এবং ঢাকা মহানগর উত্তরের নব গঠিত কমিটির নির্বাহী সাধারণ সম্পাদক হাসান মারুফ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার। 

দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেয়ে হাসান মারুফ বলেন, ‘মানবতা আমাদের মৌলিক অধিকার; মানবতা কোনো বিলাসিতার বিষয় নয়। মানবতার পথ প্রদর্শক ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:)। রাসুলের উম্মত হতে হলে মানবতার বিষয়টি আমাদের সকলকে অন্তরে ধারণ করতেই হবে।’

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হয়। মানবাধিকার রক্ষা ও সামাজিক কল্যাণমূলক কাজে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 
ইত্তেফাক/এসএএস