ডেঙ্গু সচেতনতায় তারকারা

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:১১

বিনোদন রিপোর্ট

 

সারাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু ও গুজব সমস্যা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন করেছে বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতি।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) সামনের রাস্তায় গতকাল দুপুর ১২টায় এই মানববন্ধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, শহিদুল আলম সাচ্চু, খোরশেদ আলম খসরু, রোজিনা, জায়েদ খান, নিরব, অঞ্জনা, নাসরিন, আমান রেজা, পলি, কেয়া, মৌমিতা মৌ, জয় চৌধুরী, রোমানা, বিপাশা কবির, সাঞ্জুসহ অনেকে। চলচ্চিত্রশিল্পীদের এই আয়োজনে ডিএমপি’র কয়েকজন পুলিশ কর্মকর্তাও অংশগ্রহণ করেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এসব ব্যাপারে সবচেয়ে জরুরি নিজেদের আগে সচেতন হওয়া। নিজেদের চারপাশের পরিবেশ পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া সম্ভব।’ চলচ্চিত্র সংগঠনটির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘দেশে চলমান বিভিন্ন গুজব, গণপিটুনিতে মানুষ হত্যা এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ প্রতিরোধে এই আয়োজন। শিল্পীরা জাতির বিবেক। তাই বিবেকের তাড়নায় আমরা সাধারণ মানুষকে সচেতন করতে চাই।’

এদিকে বাংলাদেশ পুলিশের ৯৯৯-এ ফোন করেও গুজবের বিরুদ্ধে সাধারণ মানুষ অবস্থান নিতে পারেন বলে মন্তব্য করেছে চিত্রনায়ক নিরব।