এনডিটিভি
জনপ্রিয় ভারতীয় চেইন শপ ‘ক্যাফে কফি ডে’র প্রতিষ্ঠাতা ও মালিক ভি জি সিদ্ধার্থ নিখোঁজ হয়েছেন। সোমবার সন্ধ্যায় ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর মেঙ্গালুরুর পাশে নেত্রাবতী নদীর সেতুতে তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল বলে পুলিশ জানিয়েছে। তার খোঁজে উদ্ধাকারীদের দুটি দল নেত্রাবতী নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের কাছে দেওয়া বক্তব্যে সিদ্ধার্থর গাড়িচালক বাসবরাজ পাতিল বলেছেন, একটি টয়োটা গাড়িতে করে তারা বেঙ্গালুরু থেকে সকলেশপুর যাচ্ছিলেন, পথে গাড়ি ঘুরিয়ে তাকে মেঙ্গালুরুর দিকে যেতে বলেন সিদ্ধার্থ। মেঙ্গালুরুর নিকটে নেত্রাবতী নদীর একটি সেতুর কাছে আসার পর তাকে গাড়ি থামাতে বলে গাড়ি থেকে নেমে যান তিনি। এরপর চালককে সেতুর অপর প্রান্তে গিয়ে অপেক্ষা করতে বলেন। গাড়িচালক বলেন, ‘তিনি (সিদ্ধার্থ) হেঁটে আসবেন বলে জানান। কিন্তু এক ঘণ্টা পার হওয়ার পর রাত ৮টার দিকে তাকে ফোন দেওয়া হলে তার মোবাইল ফোন বন্ধ পাই। এরপর বিষয়টি আমি তার ছেলেকে ও পুলিশকে জানাই।’ মেঙ্গালুরুর পুলিশ কমিশনার সন্দীপ পাতিল জানিয়েছেন, শেষ দিকে সিদ্ধার্থ কার কার সঙ্গে কথা বলেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। ডগ স্কোয়াড ব্যবহার করে দেখা গেছে, সেতুর মাঝ বরাবর এসে এরা থেমে যাচ্ছে। তল্লাশি অভিযানে স্থানীয় জেলেরাও সাহায্য করছেন। সিদ্ধার্থর ক্যাফে কফি ডে ভারতের সবচেয়ে বড় কফি চেইন শপ। ভারত জুড়ে এর ১ হাজার ৭৫০টি ক্যাফে শপ আছে এবং মালয়েশিয়া, নেপাল ও মিসরে কয়েকটি আউটলেটও আছে।
