এসএ টোয়েন্টিতে খেলা হচ্ছে না তাইজুলের, বদলি উইলিয়ামসন

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ২১:১৫

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিটি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছিলেন তাইজুল ইসলাম। তবে টুর্নামেন্টে খেলা হচ্ছে না এই টাইগার স্পিনারের। তাইজুলের বদলে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসনকে দলে নিয়েছে ডারবানস সুপার জায়ান্টস।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, তাইজুলের জায়গায় উইলিয়ামসনকে নেওয়া হয়েছে। তবে তাইজুল কেন খেলতে পারছেন না, সে বিষয়ে প্রতিবেদনে কিছু বলা হয়নি।

Kane Williamson heads to the nets on his first day with Middlesex, Lord's, May 28, 2025

গত ৯ সেপ্টেম্বর এসএ টোয়েন্টির চতুর্থ আসরের নিলামে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ডে (বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ) তাইজুলকে দলে ভিড়িয়েছিল ডারবানস সুপার জায়ান্টস। নিলামে বাংলাদেশের ১৪ ক্রিকেটার নাম লেখালেও আর কেউ দল পাননি।

ক্রিকইনফোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত আসরেও উইলিয়ামসন খেলেছিলেন ডারবানস সুপার জায়ান্টসের হয়ে। ছয় দলের মধ্যে ষষ্ঠ হওয়া দলটির হয়ে সর্বোচ্চ রান ২৩৩ করেছিলেন তিনি। তবু এবার নিলামের আগে তাকে ছেড়ে দেওয়া হয়।

ইত্তেফাক/জেডএইচ