আশা করি প্রকৃত সত্য বের হয়ে আসবে: মঞ্জুরুল

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ২২:০৯

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। তিনি মঞ্জুরুলসহ দায়িত্বে থাকা কয়েকজনের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন।

তবে জাহানারার অভিযোগটি উড়িয়ে দিয়েছেন মঞ্জুরুল। বর্তমানে চীনে অবস্থান করছেন তিনি। জাহানারার অভিযোগের প্রতিক্রিয়ায় বার্তা সংস্থা এএফপিকে মঞ্জুরুল বলেন, 'সব মিথ্যা। আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন।'

এছাড়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মঞ্জুরুল। তিনি লেখেন, ‘বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আমার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। এরপর থেকে দেশ-বিদেশের সাংবাদিক ভাই-বোনেরা থেকে শুরু করে শুভাকাঙ্খী সবাই আমার বক্তব্য জানার চেষ্টা করছেন, যোগাযোগ করছেন। এ বিষয়ে আমার নীরবতা নিয়েও প্রশ্ন উঠছে।’ 

জাহানারার অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে বিসিবি। যেকোনো ধরনের তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত আছেন জানিয়ে মঞ্জুরুল লেখেন, ‘অভিযোগের পর বিসিবি জানিয়েছে, একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ১৫ কার্যদিবসের মধ্যে সেই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিবে। নিঃসন্দেহে ভালো উদ্যোগ। বিসিবি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে যদি কোনো তদন্ত কমিটি গঠন হয়, আমি সেগুলো ফেস করবো এবং আমার বক্তব্য তুলে ধরবো। এর আগে আমি এ বিষয়ে কথা বলা থেকে বিরত থাকছি।’ 

তিনি আরও লেখেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর প্রকৃত সত্য সবার সামনে আসবে আশা করছি। সেসময় পর্যন্ত অনুমানবশত কোনো তথ্য প্রকাশ না করার জন্য সবার কাছে বিনীত অনুরোধ করছি। তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর আমি সবার সঙ্গে কথা বলব।’

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা দাবি করেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় মঞ্জুরুল ইসলাম তার সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন। তিনি বলেন, ‘উনি (মঞ্জুরুল ইসলাম) আমার কাছে আসলো, এসে আমার কাঁধে হাত দিয়ে বলছে- “তোর পিরিয়ডের কত দিন চলছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে তখন ডাকবো, চলে আসিস।”’

বিসিবির কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন জাহানারা। তিনি বলেন, ‘দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। আমাদের তৎকালীন নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে বারবার জানিয়েছি। এক- দু’দিন ঠিক থাকত, এরপর আবার আগের অবস্থায় ফিরে যেত।’

ইত্তেফাক/জেডএইচ