পরিবহন ধর্মঘটে আটকে শিশুমৃত্যুর ঘটনায় দুইজন গ্রেফতার

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২১:৪২

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

বড়লেখায় পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট চলাকালে উপজেলার চান্দগ্রামে অ্যাম্বুলেন্স আটকে সাতদিন বয়সী কন্যাশিশু মৃত্যুর ঘটনায় মামলা করার ৩৪ দিন পর পৃথক অভিযানে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন—উপজেলার মহদিকোনা গ্রামের হবিব আলীর ছেলে আলীম উদ্দিন এবং একই এলাকার জহির উদ্দিনের ছেলে জাকির হোসেন রাজন। তাদের দু’জনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের অজমির গ্রামের কুটন মিয়ার মেয়ে অসুস্থ হয়ে পড়লে ২৮ অক্টোবর অভিভাবকরা অ্যাম্বুলেন্সে করে সিলেটের উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার পথে বড়লেখা উপজেলার পুরাতন বড়লেখা বাজার, দাসেরবাজারসহ বিভিন্ন স্থানে অ্যাম্বুলেন্সটি পরিবহন শ্রমিকদের বাধার মুখে পড়ে। প্রায় দেড়ঘণ্টা এখানে অ্যাম্বুলেন্সটি আটকা থাকে। অ্যাম্বুলেন্স আটকা অবস্থায় শিশুটি মারা যায়।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন বুধবার বিকেলে বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া বড়লেখা আদালতের নির্দেশে বৃহস্পতিবার শিশুর লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হবে।’

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি জানান, নবীগঞ্জে নছিমন গাড়ির নিচে পিষ্ট হয়ে বিষ্ণুপদ দাশ (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি উপজেলার হলিমপুর গ্রামের মৃত উপেন্দ্র কুমারের পুত্র।

স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় কাজিগঞ্জ-মার্কুলী সড়কের হলিমপুর নামক স্থানে গেলে তাকে পিছন দিকে থেকে মার্কুলীগামী একটি নছিমন গাড়ি চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন।