ভ্রাম্যমাণ আদালতে অর্ধলাখ
টাকা জরিমানা
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির গুইমারায় সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের একটি পাহাড় কেটে মাটি বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের কারাদণ্ডসহ পরিবেশ অধিদপ্তরের অনুমতি না পাওয়া পর্যন্ত পাহাড় কাটার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পাহাড় কাটার কাজে নিয়োজিত একটি এক্সকাভেটর ও দুটি ট্রাকও জব্দ করা হয়। গত সোমবার সকাল ১১টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল চলতি মাসের প্রথমার্ধে স্কুল ঘেঁষে অবস্থিত দৃষ্টিনন্দন একটি পাহাড় কেটে মাটি বিক্রি শুরু করেন।
গুইমারার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষণ কান্তি দাশ বলেন, পাহাড় কাটার বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককে প্রথমে মোবাইল ফোনে এবং পরে চিঠি দিয়ে পাহাড় কাটা বন্ধ করতে বলেছিলেন। কিন্তু প্রধান শিক্ষক তার নির্দেশ অমান্য করায় জেলা প্রশাসককে অবগত করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
