তাবলীগের সাথীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২১:৪৩

ইত্তেফাক ডেস্ক

ঢাকার টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে গত ১ ডিসেম্বর মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা ও তাবলীগের সাথীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্নস্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

হোমনা (কুমিল্লা): গতকাল বুধবার হোমনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সকল কওমি মাদ্রসার উদ্যোগে সকাল ১০টায় হোমনা ও বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও তাবলীগের সাথীগণ হোমনা বাসস্ট্যান্ড মাঠে এসে জমায়েত হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

লাকসাম (কুমিল্লা): বুধবার লাকসামে তাবলীগ জামাত ও ওলামায়েকেরামের উদ্যোগে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওইদিন লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে দৌলতগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়।

জামালপুর: সম্মিলিত তৌহিদী জনতার ব্যানারে বুধবার সকালে শহরের দয়াময়ী মোড়ে  মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

ঘাটাইল (টাঙ্গাইল): ঘাটাইলে বিক্ষোভ মিছিল ও স্বারকলিপি প্রদান করেছে ঘাটাইল ইমাম পরিষদ ও আলেম-ওলামা ও তাবলিগের সাথীরা। বুধবার উপজেলা পরিষদের মসজিদের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।