বিচারের রায় ঘনিয়ে আসায় উন্মাদ হয়ে এখন নতুন ‘থিওরি’: উপদেষ্টা ফারুকী

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১৩:১৫

ছাত্র-জনতার অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার যত সামনে এগোচ্ছে, ততই নতুন নতুন ‘থিওরি’ প্রচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শনিবার (৮ নভেম্বর) রাতে নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। এর আগে বিবিসি শেখ হাসিনার অভ্যুত্থানকালীন নির্দেশনার একটি অডিও ক্লিপ প্রকাশ করে, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ওই অডিওর প্রসঙ্গ টেনে ফারুকী লেখেন, বিচারের রায় ঘনিয়ে আসায় এখন উন্মাদের মতো নতুন তত্ত্ব হাজির হচ্ছে- ‘আমি মারতে বলি নাই, পুলিশ মারছে’।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির নেতাদের উদ্দেশে তিনি আরও লেখেন, বাংলাদেশের মানুষকে কি তারা ডিমেনশিয়া আক্রান্ত মনে করে?

গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। সেদিনই তিনি দেশ ত্যাগ করে ভারতে চলে যান। পরবর্তীতে ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে আদালতে বিচার প্রক্রিয়া চলছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর রায় শিগগিরই ঘোষিত হওয়ার কথা রয়েছে।

ইত্তেফাক/কেএইচ