জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
রোববার (৯ নভেম্বর) সকালে রাজধানীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, নির্বাচন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট আয়োজন করতে বদ্ধপরিকর। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর চাপ সৃষ্টি করতে গিয়ে নানা মন্তব্য করছে- এর কিছু সত্য হলেও তা অনেক সময় জনমনে অযথা শঙ্কা তৈরি করছে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর নির্বাচন হয়নি। প্রায় পাঁচ কোটি মানুষ কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার তারা অধীর আগ্রহে ভোট দিতে চায়। নির্বাচনের প্রতি জনগণের মধ্যে উৎসাহ ও প্রত্যাশা দুটোই বেড়েছে।
জামিন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, জামিন দেওয়া শুধু বিচারকের ওপর নির্ভর করে না, পুলিশের প্রতিবেদনের ওপরও নির্ভর করে। ভিডিও ফুটেজ বা কণ্ঠ প্রমাণ থাকলে ভিন্ন পরিস্থিতি তৈরি হয়। তবে যারা জামিন নিয়ে একই অপরাধে জড়ানোর ঝুঁকিতে থাকে, তাদের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।
আদালত সংস্কার প্রসঙ্গে তিনি জানান, মামলার চাপ কমাতে একজন বিচারকের স্থলে তিনজন বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে বিচারপ্রক্রিয়া দ্রুত হবে এবং জনগণ এর সুফল পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আসিফ নজরুল।

