কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ডেঙ্গু জ্বর শনাক্ত ও পরীক্ষা করার ব্যবস্থা। এতে করে অনেক রোগী ভোগান্তির শিকার হচ্ছেন।
প্রতিদিন প্রায় ২০০ রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিতে আসে। এর মধ্যে অনেকেই আসেন জ্বর নিয়ে। কিন্তু ডেঙ্গু জ্বর পরীক্ষা করার জন্য এনএসওয়ান, অ্যান্টিবডি আইজিএম, এইচসিটি এবং প্লাটিলেট কাউন্ট পরীক্ষার কোনোটিই হয় না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাছাড়া ডেঙ্গু জ্বর শনাক্ত ও পরীক্ষার জন্য এমটি ল্যাব নেই এই হাসপাতালে। উপজেলায় সরকারি হাসপাতালসহ বেসরকারি কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারেও নেই ডেঙ্গু জ্বর পরীক্ষা করার কোনো ব্যবস্থা। এতে করে রোগীদের জেলা সদর হাসপাতালসহ জেলা সদরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে গিয়ে পরীক্ষা করতে হচ্ছে। ফলে রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
এ বিষয়ে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন জানান, ডেঙ্গু জ্বর পরীক্ষার বিষয়ে সিভিল সার্জন অফিসে কথা বলেছি। তারা জানিয়েছেন, কোনো রোগী ডেঙ্গু আক্রান্তের মতো এমন মনে হলে আপাতত জেলা সদর হাসপাতালে পাঠাতে বলা হয়েছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বর পরীক্ষা করার ব্যবস্থা করা যায় কি না সে বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
