জাহানারার অভিযোগের ভিত্তিতে বিসিবির চার কর্মকর্তা ওএসডি

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১৫:০১

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম যৌন হয়রানির অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে চারজন কর্মকর্তাকে ওএসডি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওএসডি করা কর্মকর্তারা হলেন, ম্যানেজার এস এম গোলাম ফায়েজ, ফিজিও সুরাইয়া আক্তার, কোচ মাহমুদ ইমন এবং কর্মকর্তা সারফরাজ বাবু। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘বোর্ড সেই সকল ব্যক্তিদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে। এই বিষয়টি বোর্ড যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে।’

প্রধান অভিযুক্ত নারী দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক। বর্তমানে চীনে অবস্থান করছেন। সেখান থেকেই জাহানারার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। 

শনিবার (৮ অক্টোবর) একটি তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। কমিটির আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম, আর সদস্য হিসেবে রয়েছেন নতুন নিযুক্ত বিসিবি পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সরওয়াত সিরাজ শুক্লা।  

ইত্তেফাক/জেডএইচ