গাজীপুরের শ্রীপুরে গ্রেপ্তারের পর স্বেচ্ছাসেবক লীগের এক নেতা মনির হোসেন (৩৫) কে তার স্বজন ও সহযোগীরা হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া আনসার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
মনির হোসেন ধনুয়া কাচারিপাড়া এলাকার গুজরত আলীর ছেলে এবং গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার এসআই বাশারের নেতৃত্বে শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ধনুয়া কাচারিপাড়া এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় মনির হোসেন ও আরেক নেতা আমিনুল ইসলাম কে গ্রেপ্তার করা হয়। থানায় নেওয়ার পথে মনিরের স্বজন ও সহযোগীরা তাকে ছিনিয়ে নিয়ে যায়।
পুলিশ জানায়, তাদের হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার পথে মনির হোসেনের স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মনিরকে পুনরায় গ্রেপ্তার এবং এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা শুরু করে।
হাতকড়া সহ আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি জানতে শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক এস আই আবুল বাশার কে তার মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করে কিছুক্ষণ নিরব থেকে কোন উত্তর না দিয়ে ফোনটি কেটে দেন । পরবর্তীতে তাকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, গ্রেপ্তারের পর স্বজন ও সহযোগীরা মনির হোসেনকে ছিনিয়ে নিয়েছেন। তাকে পুনরায় গ্রেপ্তার এবং ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে।
