বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেছেন, ‘তারেক নাটক করার জন্য ৪ দিন অনশন করেননি।’
রোববার (৯ নভেম্বর) নির্বাচন কমিশনের সামনে অবস্থানরত তারেক রহমানের অনশন কর্মসূচিতে সংহতি জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ইশরাক বলেন, ‘তারেক নিবন্ধন পাওয়ার জন্য অনশন করছেন না। তিনি তার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদে অনশন করছেন।’ তিনি মনে করেন, নিবন্ধন পেতে যা যা শর্ত পূরণ করতে হয়, সবই করেছেন। তারপরও তাকে বঞ্চিত করা হচ্ছে— তাই তিনি প্রতিবাদ করছেন।
তিনি আরও বলেন, ‘তারেক নাটক করার জন্য ৪ দিন ধরে অনশন করেননি। তার সঙ্গে আমার বহুদিনের পরিচয়। প্রায় ছয় মাস আগে থেকেই তিনি বলছিলেন, তার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাই আমি মনে করি, পুরো প্রক্রিয়া আবার খতিয়ে দেখা উচিত।’
সিইসি বরাবর স্মারকলিপি দেওয়ার পর ইশরাক সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশনের উচিত হবে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় দলগুলোর নিবন্ধন যাচাই করা, যাতে জনগণের আস্থা ফিরে আসে।’
তিনি উল্লেখ করেন, যার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে, তার দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। অথচ তারেক রহমানের দলকে দেওয়া হয়নি। যদি তার দলকে নিবন্ধন না দেওয়া হয়, তাহলে যেসব দল অনুমোদন পেয়েছে, সেগুলোর রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা উচিত।
৪ নভেম্বর নির্বাচন কমিশনের দল নিবন্ধন প্রক্রিয়ায় ‘আম জনতার দল’ তালিকা থেকে বাদ পড়ে। এর পরদিন থেকেই দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন কমিশনের মূল ফটকের সামনে অনশন শুরু করেন, যা চার দিন ধরে চলছে।
