বাঁশখালীতে ঘনবসতিপূর্ণ স্থানে ‘স’ মিল স্থাপনের অভিযোগ

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:২৪

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের মনকিচর ২ নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয় প্রশাসনের আদেশ অমান্য করে ‘স’ মিল স্থাপনের অভিযোগ উঠেছে। ‘স’ মিল নির্মাণ বন্ধ করতে স্থানীয় বাসিন্দারা ইউনিয়ন পরিষদে অভিযোগ দিলে ইউনিয়ন পরিষদের রেজুলেশনের মাধ্যমে ঐ ‘স’ মিলের কার্যক্রমের বন্ধের নির্দেশ দেন।

জানা যায়, ঘনবসতিপূর্ণ এলাকায় ‘স’ মিল স্থাপনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। ইউপি সদস্য ফরিদা ইয়াসমীন, আবুল হোসেন, ওমর আলম, রশিদ আহম্মদ, মোহাম্মদ আলী, হাসিনা বেগম, সোনিয়া আক্তার অভিযোগে বলেন, বাড়ির পাশে স মিল বসালে দিন-রাত কাঠ চেরাইয়ের শব্দে আবাসিক নিরব এলাকার পরিবেশ নষ্ট হবে।

স্থানীয় ইউপি সদস্য ছিদ্দিক আকবর বাহাদুর বলেন, ‘ঘনবসতিপূর্ণ এলাকায় এই ‘স’ মিলটি অত্যন্ত ক্ষতিকর প্রভাব ফেলবে। তাছাড়া যে স্থানে ‘স’ মিলটি নির্মাণ করা হচ্ছে এর পাশে প্রতিদিন যাতায়াত করে দুইটি স্কুলের প্রায় ৪ হাজারের অধিক শিক্ষার্থী। এর পাশে রয়েছে মসজিদ ও মাদ্রাসা। যার ফলে ‘স’ মিলটির বিকট আওয়াজে মুসল্লিদের নামাজে ও শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটবে।’ জলদী অভয়ারণ্য রেঞ্জে বিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ঐ এলাকায় সরেজমিন পরিদর্শনপূর্বক আমাকে তদন্ত প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেন। তাছাড়া ঘনবসতিপূর্ণ এলাকায় ‘স’ মিলটি ক্ষতিকারক হওয়ার আশঙ্কা থাকায় তাত্ক্ষণিকভাবে বন্ধের নির্দেশ প্রদান করি।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, এলাকাবাসীদের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য জলদী অভয়ারণ্য রেঞ্জের বিট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।