একের পর এক শক্তিশালী ভূমিকম্প, আজও কেঁপে উঠল জাপান

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১৭:৫৪

টানা দ্বিতীয় দিনের মতো জাপানে আঘাত হেনেছে ভূমিকম্প। রোববার ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সোমবার (১০ নভেম্বর) ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আজকের ভূমিকম্পটি পূর্ব ইওয়াতে প্রদেশের উপকূলে আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪.২৩ মিনিটে ভূপৃষ্ঠ থেকে ১১.২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

জাপানের আবহাওয়া সংস্থা অনুসারে, তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা নেই। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

একদিন আগেই ইওয়াতের উপকূলে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ভূমিকম্পের পর উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ছোট ছোট সুনামির ঢেউ দেখা দেয়।

জাপানের আবহাওয়া সংস্থা জানায়, গতকাল মূল ভূমিকম্পের পরে ৫.৩ থেকে ৬.৩ মাত্রার আফটারশকও আঘাত হেনেছে।

ইত্তেফাক/এসকে