কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের চাপায় সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, অপর একজনকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার লাকসাম–চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ি ইউটার্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার মৌকারা ইউনিয়নের মহিশ্বর গ্রামের আবুল বশর (৫০), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪০), চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়া গ্রামের মন্তাজ মিয়া (৫১)।
আহতরা হলেন: নাঙ্গলকোট উপজেলার যুগিরখীল গ্রামের কবীর (৪০), শ্যামপুর গ্রামের মাহবুবুল হক (৩৮), মাহিনী গ্রামের আনোয়ারা বেগম (৫০), গান্ধাচি গ্রামের আবদুর রহমান (২৭), এবং নিহত আবুল বশরের ছেলে আবু তৈয়ব (৩০)।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় বাঙ্গড্ডা দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক ফেলনা কাজীবাড়ি ইউটার্ন এলাকায় পৌঁছে নাঙ্গলকোটগামী একটি সিএনজি ও একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং পাঁচজন গুরুতর আহত হন। সংঘর্ষে সিএনজি ও অটোরিকশা দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে চলে যায়।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মেহেদী হাসান সুজন ইত্তেফাককে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে কার্যক্রম শুরু করি ও নিহত ৩ জনের লাশ উদ্ধার করার পর আহত ৫ জনকে দ্রুত চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহাম্মদ বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস যায়। ট্রাক, সিএনজি ও অটো রিকশার সংঘর্ষে এখন পর্যন্ত ৩ জন নিহত ও আহত হয়েছে ৫ জন।
