মশা নিধনের মোক্ষম উপায়

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:৩১

গত ১৮ বছরের মধ্যে এ বছর গত ২৮ জুলাই পর্যন্ত সর্বোচ্চ ১১ হাজার ৩৫২ জন আক্রান্ত হয়েছেন। এক দিনে আক্রান্তের রেকর্ডও ভঙ্গ হয়েছে। ২৪ ঘণ্টায় ৮৪২ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাজধানীসহ সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য প্রকাশিত হয়েছে।

ঢাকা সিটি করপোরেশন এলাকার জলাশয়গুলো সংস্কার করে একদিকে যেমন মশা দূর করা সম্ভব, পক্ষান্তরে এগুলোকে বিনোদনকেন্দ্রে পরিণত করা যায়। জলাশয়গুলোর পানি পরিষ্কার করে চারদিকে চলাচলের রাস্তা, পর্যাপ্ত স্থায়ী চেয়ার বা বেঞ্চ, ফুলের বাগান, পানির ফোয়ারা, ভ্রমণপিপাসুদের জন্য নৌকা ইত্যাদির ব্যবস্থা করা যেতে পারে। যদি কেউ বরিশাল শহরে যান, তবে প্রয়াত মেয়র শওকত হোসেন হীরণ কর্তৃক এ ধরনের বেশ কিছু পুকুর ও কীর্তনখোলা নদীতীরের সংস্কার দেখতে পাবেন। হাতিরঝিল সংস্কারের আগে ছিল মশা প্রজননের উত্তম ক্ষেত্র, কিন্তু বর্তমানে হাজারও মানুষের  পদচারণায় মুখর থাকে। শহরজীবনে উন্মুক্ত স্থান যেখানে ধীরে ধীরে সংকুুচিত হচ্ছে, সেখানে এসব জলাশয় সংস্কার করা হলে, এগুলো যেমন মশার বংশ না বিস্তারে কার্যকর ভূমিকা রাখবে, তেমনি মানুষকে দেবে আনন্দ-বিনোদনের নিশ্চয়তা। আবার বাণিজ্যিকভাবে এগুলো হতে পারে আয়ের অন্যতম উত্স। আশা করি, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবেন।

মো. জিল্লুর রহমান, সতিশ সরকার রোড, গেণ্ডারিয়া, ঢাকা