দ্বিতীয় সেশনে প্রথম ১১ বলে জোড়া উইকেট শিকার বাংলাদেশের 

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১৩:০৬

সিলেট টেস্টের প্রথম সেশন নিজেদের করে নিয়েছিল আয়ারল্যান্ড। শুরুতেই উইকেট হারানোর পর ৯৪ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় আইরিশরা। তবে বিরতি থেকে ফিরে দ্বিতীয় সেশনের প্রথম ১১ বলের মধ্যে জোড়া উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে রান যোগ করার আগেই উইকেট হারায় আয়ারল্যান্ড। খালি হাতে অধিনায়ক অ্যান্ডি বালবির্নিকে সাজঘরে পাঠান পেসার হাসান মাহমুদ।

এরপর একের পর এক মিস করেন বাংলাদেশের ফিল্ডাররা। অন্যদিকে রানের গতি বাড়ান দুই আইরিশ ব্যাটার পল স্টার্লিং ও কারমাইকেল। ফিফটি তুলে নেন স্টার্লিং।

১ উইকেটে ৯৪ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় আয়ারল্যান্ড। তবে দ্বিতীয় সেশনে ফিরেই ম্যাচ নিয়ন্ত্রনে নেয় বাংলাদেশ। দুইবার জীবন পাওয়া স্টার্লিংকে আউট করেন পেসার নাহিদ রানা। ৬০ রান করে ফিরে যান এই আইরিশ ওপেনার।

এরপর ক্রিজে এসেই আউট হন হ্যারি টেক্টর। মাত্র ১ রান করে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। 

 
ইত্তেফাক/জেডএইচ