অরুয়াইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:৩১

ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলাধীন অরুয়াইল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটি একটু বৃষ্টিতেই হাঁটুপানির নিচে চলে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই অবস্থা। কেন্দ্রটির আঙিনায় হাঁটুজলে এসে খেলা করে পাশের পুকুরের মাছেরা! জোক ও সাপের অভয়ারণ্য হয়ে উঠেছে এই কল্যাণকেন্দ্র। মাঝে মধ্যে সাপ ঢুকে পড়ে কেন্দ্র-কক্ষে। ভয়ে ছুটোছুটি শুরু করে কেন্দ্রে সেবা নিতে আসা গর্ভবতী নারী ও সঙ্গে থাকা শিশুরা। ছয় কিলোমিটারের মধ্যে কোনো হাসপাতাল না থাকায় এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রটিই ১৬-১৭টি গ্রামের স্বাস্থ্যসেবার ভরসা। কেন্দ্রটির এই সমস্যা দীর্ঘদিনের। এর সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম মনসুর আলী, অরুয়াইল বাজার, সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া