হাটহাজারীতে ২৪ ঘণ্টায় তৃতীয় অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১৪:৪২

চট্টগ্রামের হাটহাজারীতে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ধলই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুনিয়াপুকুরের পশ্চিমে রেললাইন সংলগ্ন মুন্সি বাড়ির পাশে ব্রিজের নিচের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, সকালে ব্রিজের নিচে ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে মৃত ব্যক্তি পেশায় ভিক্ষুক ছিলেন। গত সোমবার বিকেলে তাকে এলাকাতেই ভিক্ষা করতে দেখা গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।

এর আগে সোমবার (১০ নভেম্বর) সকালে হাটহাজারীতে আরও দুটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। এইদিন সকাল ১০টার দিকে মদুনাঘাট বিদ্যুৎ উপকেন্দ্রের পূর্ব পাশে হালদা নদীর সংযোগস্থল স্লুইসগেটের নিচ থেকে প্রায় ৩০ বছর বয়সী এক নারীর মরদেহ এবং সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আলমপুর এলাকায় একটি মাছের প্রজেক্টের পাড় থেকে প্রায় ৫৫ বছর বয়সী এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তিনজনের কারও পরিচয় এখনো শনাক্ত হয়নি বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার পুলিশ।

এদিকে টানা তিনটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং এলাকায় সক্রিয় কোনো অপরাধচক্রের কর্মকাণ্ডের ইঙ্গিত হতে পারে।

ইত্তেফাক/এএইচপি