বন্দরনগরীতে জনসাধারণের জীবনমান উন্নয়নের জন্য যে মেগা প্রকল্পগুলো হাতে নেওয়া হয় তা বাস্তবায়নে ধীর গতিসহ কাজের মান নিয়েও নানা মহলে প্রশ্ন রয়েছে। যেখানে সড়ক সংস্কারের মেয়াদ সাত থেকে আট বছর হওয়ার কথা, সেখানে বছর না ঘুরতেই সড়কের দুর্দশা দেখতে হয়। তখন জীবনযাত্রার মান উন্নয়নের বদলে হুমকি হয়ে দাঁড়ায় জনজীবন। বর্ষা এলেই যে শহরে নানা দুর্ভোগ দেখা যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সড়কজনিত। ইতোমধ্যেই সড়কে জোড়াতালি দিয়ে সংস্কারে নেমেছে সংশিষ্ট সংস্থাগুলো। এসব সংস্কারে সময় এবং অর্থ দুই বিফলে যাবে বর্ষার কারণে। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর কারণে তিল ধারণের জায়গা নেই। তখন এই আতঙ্কের মাত্রা আরো বাড়ছে। বাণিজ্যিক শহর যখন বৃষ্টির পানিতে তলিয়ে যায়, তখন অধিকতর ক্ষতির সম্মুখীন হতে হয় ব্যবসায়ীদের। এসব সমস্যার সঙ্গে বাড়তি মাত্রা যোগ করেছে চলমান সংকট গুজব। গুজব ছড়িয়ে নির্বিচারে নিরীহ মানুষগুলো গণপিটুনির সম্মুখীন হচ্ছে।
জাহিদ হাসান
চট্টগ্রাম
