আমদানি ও রপ্তানি অধিদপ্তরে ভোগান্তি

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:৩২

আমদানি ও রপ্তানি অধিদপ্তরে ২০১৯-২০২০ সালের আমদানি ও রপ্তানি সনদ নবায়নে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। চলতি আর্থিক বছর থেকে আমদানি ও রপ্তানি সনদ নবায়নে অনলাইন পদ্ধতি চালু হয়েছে। এবং অনলাইনে আবেদন করে অনলাইনে আবেদনের কপি এবং পুরাতন  সনদ ও নবায়ন বই ফেরত দিতে হবে। ফেরত দেওয়ার তিনদিন পর সংশ্লিষ্ট কর্মকর্তা অনলাইনে আবেদন যাচাই করে কোম্পানির ই-মেইলে নবায়নের সনদ পাঠিয়ে দেবেন। বা কোনো ডাটা মিসিং থাকলে তা মোবাইলে জানিয়ে  দেবেন। কিন্তু অনলাইনে আবেদনের কপি ও পুরাতন  সনদ ও নবায়ন বই ফেরত দেওয়ার ১০ দিন পর জানালো হলো আমার কোম্পানির একটি ডাটা মিসিং আছে।  আমি সেই ডাটা আপলোড করার ৮ দিন পার হলো, কিন্তু আমি মেইলে কোনো নবায়ন সনদ পাইনি। অন্যদিকে আমদানি ও রপ্তানি অধিদপ্তরের ওয়েবসাইটে একটি হেল্পডেস্ক ফোন নাম্ব্বার আছে। সেই নাম্বারে ফোন করে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তিন দিন ফোন করা হয়েছে, কিন্তু কেউ ফোন রিসিভ করেনি। অধিদপ্তরে গিয়ে  জানতে চাইলে বলা হয় নিয়মিত ই-মেইল চেক করতে। তাহলেই নাকি নবায়ন সনদ পাওয়া যাবে! প্রতিদিন অনেক লোক এই ভোগান্তির সম্মুখীন হচ্ছে। তাই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করছি।

সুিম হাছান

ইন্দিরা রোড, ঢাকা