ডেঙ্গু প্রতিরোধে করণীয় কী?

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:৩২

ইতোমধ্যে দেশের ৫০টি জেলায় ডেঙ্গু ছড়িয়েছে আশঙ্কাজনকভাবে। তাই ডেঙ্গু থেকে রক্ষা পেতে হলে নিজেকেই উদ্যোগী হতে হবে। অ্যাডিস মশা কামড়ে দিলেই ডেঙ্গু হয়। তাই এর প্রধান প্রতিরোধমূলক ব্যবস্থা হলো অ্যাডিস মশার আবাসস্থল সমূলে ধ্বংস করা। অ্যাডিস মশা সাধারণ স্বচ্ছ পানিতে প্রজনন করে থাকে। তাই বাসা-বাড়ি কিংবা বাড়ির ছাদে টবে থাকা পানি পাঁচ থেকে ছয় দিন পরপর পরিষ্কার করতে হবে। সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন ও ঝোপঝাড়মুক্ত রাখতে হবে বাড়ির আঙিনা। অ্যাডিস মশা সাধারণ উজ্জ্বল আলোতে আক্রমণ করে। তাই দিনের বেলায় বাসায় বা অন্য কোথায়ও অবস্থানকালে সচেতন থাকতে হবে। প্রয়োজনে লোশন, ক্রিম, নারিকেল তেল, স্প্রে কিংবা মশার কয়েল ব্যবহার করা যেতে পারে। শরীরের বেশিরভাগ অংশ ঢেকে রাখা যায় এমন কাপড় পরিধান করা উত্তম। উচ্চমাত্রায় জ্বরের সঙ্গে শরীরের বিভিন্ন অংশে ব্যথা ও র্যাশ দেখা দিলেই দেরি না করেই দু-তিন দিনের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। প্রচুর পানি পান করাসহ খেতে হবে তরল জাতীয় খাবার ও টক জাতীয় ফলমূল। এ সময় বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন মোটেও উচিত নয়। তাই নিজে সচেতন হওয়া ও অন্যকে সচেতন করার বিকল্প কিছু নেই এই রোগে।

তানভীর আহমেদ রাসেল 

শিক্ষার্থী, ফার্মেসি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়