১৩৭ বছরের পুরোনো বাড়ি কিনলেন প্যাট কামিন্স

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ২০:৩৮

প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে আপাতত দূরে প্যাট কামিন্স। জুলাইয়ে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের পর আর তার মাঠেই নামা হয়নি। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক এবার মাঠের বাইরে চমকে দিলেন ভক্তদের। প্রায় ১২৭ কোটি টাকায় কিনেছেন ১৩৭ বছরের পুরোনো এক ঐতিহাসিক ম্যানশন।

সিডনির উপকূলীয় ব্রন্ট এলাকায় অবস্থিত দোতলা ভিক্টোরিয়ান স্থাপত্যের এই বাড়ির দাম ১ কোটি ৬০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৭ কোটি টাকা। ১৮৮৮ সালে নির্মিত ৭৩০ বর্গমিটারের এই ম্যানশনে রয়েছে পাঁচটি বেডরুম ও চারটি বাথরুম।

কামিন্স যে ভিক্টোরিয়ান ব্র্যান্ডের ম্যানশন কিনেছেন, সেটার বিক্রেতা ওয়েভারলি কাউন্সিলের সদস্য কেরি স্পুনার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ত্রিশ বছর ধরে তিনি ও তার প্রয়াত স্বামী ব্রায়ান ও’নিল এ বাড়ির মালিক ছিলেন। দলিলপত্র ঘেঁটে জানা গেছে এসব তথ্য। 

১৯৯৬ সালে তাদের কেনার সময় দাম ছিল মাত্র ৯ লাখ ৯০ হাজার ডলার। ২৯ বছরে বাড়ির দাম বেড়েছে ১৬ দশমিক ১৬ গুণ।

সিডনির অভিজাত ব্রন্ট এলাকায় ভিক্টোরিয়ান ঐতিহ্যের এই বাড়ি বেছে নেওয়ার পেছনে প্যাট কামিন্সের স্ত্রী বেকি বস্টনের অবদানই যে বেশি, সেটা না বললেও চলছে। বস্টন পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। এমন চিন্তাভাবনা তো তার মাথা থেকেই আসবে। তা ছাড়া কামিন্সের পরিবারে সদস্য বেড়েছে এখন।

এ বছরের ফেব্রুয়ারিতে কামিন্স দম্পতির ঘর আলো করে আসে মেয়ে এডি। এর আগে ২০২১ সালে ছেলেসন্তানের জন্ম দেন কামিন্স দম্পতি। অস্ট্রেলিয়ার তারকা পেসারের ছেলের নাম আলবি। অভিজাত এই ম্যানশন ছাড়াও সিডনিতে কামিন্সের আরও দুটি বাড়ি রয়েছে।

ইত্তেফাক/এএম/আরজেড