প্রশাসনে দুর্নীতির কারণে মানুষের কষ্ট বাড়ছে : ইনু

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২১:৩৫

ইত্তেফাক রিপোর্ট

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, রাষ্ট্র-প্রশাসনের স্তরে স্তরে জবাবদিহিতা-দায়িত্বহীনতা-দুর্নীতির কারণে মানুষের দুঃখ-কষ্ট বাড়ছে। রাষ্ট্র-প্রশাসনের সব স্তরে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য সোচ্চার হতে তিনি সব দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান। আজ বুধবার জাসদের দেশব্যাপী ‘সুশাসন দিবস’ উপলক্ষ্যে গতকাল পশ্চিম যাত্রাবাড়ী আল-ইসলাম কমিউিনিটি সেন্টারে ঢাকা মহানগর পূর্ব জাসদ আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, ডেঙ্গু প্রতিরোধে আর কোনো গাফিলতি, অজুহাত, একে অপরকে দোষারোপ শুনতে চাই না। ডেঙ্গু প্রতিরোধে, মানুষকে বাঁচাতে সবাইকে একসাথে মাঠে নামতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সমন্বিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি সরকারের প্রতি দাবি জানান। ডেঙ্গু আক্রান্তদের সুচিকিত্সা নিশ্চিত করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জাসদ ঢাকা মহানগর পূর্বের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের স্থায়ী কমিটির সদস্য নুরুল আখতার, সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক মীর্জা আনোয়ারুল হক, ঢাকা মহানগর পূর্ব জাসদের সাধারণ সম্পাদক এ  কে এম শাহ আলম প্রমুখ।