চট্টগ্রামে সংবর্ধিত সাকিব

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২২:০২

বিশ্ববরেণ্য ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, খ্যাতিমান হওয়ার নেপথ্যে রয়েছে কঠোর পরিশ্রম ও অনুশীলন। যারা জগতে খ্যাতি লাভ করেছেন তাদের পেছনের ইতিহাস হলো অধ্যবসায় ও সাধনা। তাই দক্ষ ক্রিকেটার হওয়ার জন্য পরিশ্রম ও অনুশীলন চালিয়ে যেতে তিনি আগামী প্রজন্ম ক্রিকেটারদের প্রতি আহ্বান জানান।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে তাকে দেওয়া সংবর্ধনার জবাবে তিনি এই ধরনের কথা উল্লেখ করেন। বিশ্বসেরা ক্রিকেটার         সাকিব খুদে ক্রিকেটারদের উদ্দেশে বলেন, ক্রিকেট মেধার খেলা। মেধা দিয়ে খেলতে হয়। সঙ্গত কারণে ক্রিকেটার হওয়ার পূর্বে প্রত্যেক ক্রিকেটারকে পরিশ্রমের পাশাপাশি পড়ালেখায় মনোনিবেশ হওয়া অতীব জরুরি। নচেত্ হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আগের পারফর্মের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, তার জন্য তিনি দেশবাসী তথা চট্টগ্রামবাসীর দোয়া চান।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ক্রিকেট কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও বিসিবির পরিচালক আ জ ম নাছির উদ্দীন। সিজেকেএস ক্রিকেট কমিটির চেয়ারম্যান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মো. আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক আলী আব্বাস, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আলমগীর। সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদক আবদুল হান্নান আকবর শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ক্রিকেট কমিটির সদস্য কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, দেশবাসীর দোয়া রয়েছে বিধায় সাকিব আল হাসান আজ বিশ্বসেরা খেলোয়াড় হিসেবে পরিচয় লাভ করেছেন। তার সুনাম সারা বিশ্বে আজ ছড়িয়ে পড়েছে। তিনি দেশের গৌরব। প্রাণের টানে আজ তিনি চট্টগ্রামে এসেছেন। এই বরেণ্য ক্রিকেটারকে সংবর্ধনা দিতে পেরে চট্টগ্রামবাসী গর্বিত।

এর আগে ফুলেল শুভেচ্ছাসহ খ্যাতিমান ক্রিকেটার সাকিব আল হাসানকে বরণ করে নেওয়া হয়। পরবর্তী সময়ে তাকে সিটি করপোরেশনের স্মারক সম্বলিত ‘নগর চাবি’ উপহার দেওয়া হয়। সেটি তুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। বছর দুইয়েক আগে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকেও এই ধরনের চাবি উপহার দেওয়া হয়েছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ হতে।