আপনাদের দায়িত্বহীনতায় মানুষ কষ্ট পাচ্ছে

আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২২:০৩

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি এবারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে আগামীতে অ্যাডিস মশা নির্মূলে আগাম প্রস্তুতি নিতে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রদ্বয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এ বছর আপনাদের দায়িত্বহীনতার কারণে মানুষ অনেক কষ্ট পাচ্ছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে। ডেঙ্গু রোগী বিস্তারের ঘটনায় আমরা উদ্বিগ্ন। এখনো সময় আছে, যুদ্ধকালীন অবস্থা বিবেচনা করে দ্রুত সমন্বিতভাবে ঢাকা শহর পরিষ্কার-পরিচ্ছন্ন ও অ্যাডিস মশার উত্সস্থল ধ্বংস করুন।

গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা শিশু হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিত্সাধীন ডেঙ্গু রোগীদের চিকিত্সা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দুটি হাসপাতালে ডেঙ্গু রোগীরা সুচিকিত্সা পাওয়ায় মোহাম্মদ নাসিম স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রথমে ঢাকা শিশু হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় ডেঙ্গু রোগীদের ওয়ার্ডে গিয়ে ভর্তি রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুচিকিত্সা নিশ্চিত করতে ডাক্তারদের নির্দেশনা দেন। পরে মোহাম্মদ নাসিম শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে ডেঙ্গু রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিত্সার খোঁজ-খবর নেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, অ্যাডিস মশা নির্মূলে এবার দুই সিটি করপোরেশন যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। অ্যাডিস মশা নির্মূলে সিটি করপোরেশনের যে দায়িত্ব ছিল, তারা সেভাবে সেই দায়িত্ব পালন করতে পারেনি, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। তবে এখন কাউকে দোষারোপ করার সময় নয়। তাদের পদত্যাগ দাবি করলে তো কোনো সমাধান হবে না। এখন এ বিপর্যয় উত্তরণে যার যার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও দুই সিটি মেয়রকে দ্রুত সমন্বিতভাবে অ্যাডিস মশা মারার কার্যক্রম মনিটরিং করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ওষুধ ছিটানোর ব্যবস্থা করতে হবে। নগরবাসীকেও সচেতন হতে হবে। রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে হবে।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক বলেন, সরকারের পক্ষ থেকে যে রকম সাহায্য-সহযোগিতা লাগে, ডেঙ্গু রোগী তা অবশ্যই পাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি তদারকি করছেন, সঙ্গে আমরাও আছি। যেকোনো প্রয়োজনে সরকারের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা করব। আতঙ্কিত না হয়ে সবার সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, এডিস মশার বংশবিস্তার ধ্বংস করতে হবে। এ জন্য সকলকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকের সচেতন হতে হবে।