আন্তর্জাতিক ক্রিকেটে ছিলেন না অনেক দিন। সর্বশেষ খেলেছেন ২০১৬ সালে; টেস্ট ছিল সেটা। আর ওয়ানডে বা টি-টোয়েন্টি খেলেছেন সেই ২০১২ ও ২০১৩ সালে। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের স্বপ্ন আর তার ছিল না নিশ্চয়ই। তবে ঘরোয়া ক্রিকেটটা চালিয়ে যাচ্ছিলেন। দিল্লির হয়ে খেলছিলেন রঞ্জি ট্রফি। এবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন যে, আর কোনো ধরনের ক্রিকেটই খেলবেন না গৌতম গম্ভীর। আজ থেকে শুরু হওয়া দিল্লির রঞ্জি ম্যাচই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ ক্রিকেট ম্যাচ। ১২ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলেছেন। ৫৮টি টেস্টে ৪১.৯৫ গড়ে ৪১৫৪ রান করেছেন এই ওপেনার। এ ছাড়া ১৪৭টি ওয়ানডে ও ৩৭টি টি-টোয়েন্টি খেলেছেন দিল্লির এই ওপেনার। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১৯৭টি।
