পদ্মা সেতুর সামনে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিয়েছে, ফলে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সেতু দিয়ে যানবাহন চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুয়াদী বাসস্ট্যান্ড এলাকা থেকেও অবরোধ তুলে নেওয়া হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সকাল থেকে অবরোধকারী দলটির নেতা-কর্মীরা পদ্মা সেতু ও ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেন। তারা টায়ার জ্বালানো, ট্রাকে আগুন দেওয়া এবং পুলিশের টহল গাড়িতে ককটেল নিক্ষেপসহ নাশকতা করেন। পুলিশ ও র্যাবের তৎপরতায় বেলা সাড়ে ১১টার দিকে পুরো সড়ক অবরোধ থেকে মুক্ত হয়।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল জানান, সকাল থেকে পদ্মা সেতুর এক কিলোমিটার পশ্চিমে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। তারা কিছু নাশকতা করেছেন। আমাদের একটি টহল গাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন, একটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে। বিভিন্ন থানার পুলিশ সদস্যরা সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছেন। এখন ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।’
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান বলেন, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সড়ক থেকে গাছ ও আগুনের অবশিষ্টাংশ সরানো হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
